মারামারি করে ইংল্যান্ড দল থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। বিতর্কে জড়িয়ে মাঠের বাইরে থাকার প্রভাব পড়েছে তার খেলায়ও। জাতীয় দলে ফেরার মিশন হিসেবে বর্তমানে খেলছেন নিউজিল্যান্ডের ঘরোয়া লিগে। কিন্তু জন্মভূমিতে নিজেকে যেন হারিয়ে খুঁজছেন ইংলিশ ‘ব্যাড বয়’।
জাতীয় দলে ব্রাত্য হলেও নিউজিল্যান্ডের ঘরোয়া লিগে খেলার অনুমতি পেয়েছেন স্টোকস। তখন থেকেই বলা হচ্ছে, অ্যাশেজের দলে ফেরাতে তাসমান সাগরের অন্যপ্রান্তে ঝালিয়ে নেয়া হচ্ছে তাকে।
সেই পথ ধরে অ্যাশেজ সিরিজের স্কোয়াড অনুসরণ করে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্যও স্টোকসকে দলে রাখা হয়েছে। কিন্তু কিউই দল ক্যান্টাবেরি হয়ে প্রথম তিনটি ম্যাচেই ফ্লপ বিতর্কের রাজা।
রোববার নর্দান এরিয়ার বিপক্ষে বল হাতে ৫৬ রানে এক উইকেট নেন স্টোকস এবং তিন ম্যাচে এদিনই প্রথম উইকেটের দেখা পান। পরে ব্যাট হাতে আর হিসাবের খাতা খুলতে পারেননি। এক বল মোকাবেলা করেই সাজঘরে ফিরতে হয় তাকে।
ক্যান্টাবেরির হয়ে অভিষেক ম্যাচে ৭ বল খেলে করেছিলেন ২ রান। তিন ম্যাচের মাত্র একটিতে ৩৪ রান করেছিলেন বেন। ৪১ বলে সেদিন ৩৪ রান করেছিলেন। তিন ম্যাচে ব্যাট হাতে মোট ৪৩ রান আর বল হাতে উইকেট পেয়েছেন মাত্র একটি। সব মিলিয়ে পথের খোঁজে রয়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার।









