টানা চতুর্থ বছরের মতো কান চলচ্চিত্র উৎসবে নেটফ্লিক্সের কোনো সিনেমা অংশ নেবে না। অর্থাৎ নেটফ্লিক্স-কান দ্বন্দ্ব মিটছে না এবারও।
নেটফ্লিক্সের কাছের এক সূত্র ভ্যারাইটিকে নিশ্চিত করেছে বিষয়টি। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার করার কোনো পরিকল্পনা নেই স্ট্রিমিং সাইটটির। ফলে অ্যান্দ্রু ডোমিনিকের ‘ব্লন্ড’, মারিলিন মনরোর বায়োপিকের মতো অসাধারণ সব সিনেমা অংশ নিতে পারবে না কান চলচ্চিত্র উৎসবে।
অ্যান্দ্রু ডমিনিক সম্প্রতি সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি আশা করেছিলেন তার ছবিটি কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। এই ব্যাপারে তিনি নেটফ্লিক্সের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করেছেন। তবে আলোচনা ফলপ্রসু হয়নি।
সিনেমা হলে মুক্তি দেয়ার বিষয়ে নেটফ্লিক্স কিছুটা শিথিল হয়েছে। যেমন পাওলো সোরেনটিনোর অস্কারে মনোনয়ন পাওয়া ছবি ‘দ্য হ্যান্ড অব গড’ ছবিটির প্রিমিয়ার হয়েছে ভেনিস চলচ্চিত্র উৎসবে। ইতালির সিনেমাও হলে ছবিটি মুক্তি পেয়েছে।
কান চলচ্চিত্র উৎসবের নিয়ম হলো প্রতিযোগিতায় অংশ নিতে হলে সেই ছবি ফ্রান্সের সিনেমা হলে মুক্তি দিতে হবে। এই বিষয়ে নেটফ্লিক্সের সাথে কান-এর চিফ থিয়েরির কয়েক দফা বৈঠক হলেও সমঝোতা হয়নি কোনো।
এই বিতর্কের শুরু ২০১৭ সালে। কান চলচ্চিত্র উৎসবে কোরিয়ান নির্মাতা ও প্রযোজক বং জুন-হো-র ‘ওকজা’ এবং নোয়া বাউমবাখের ‘দ্য মেয়ারোভিৎস স্টোরিজ’ চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়। কানের সর্বোচ্চ পুরস্কার পাম দ’র এর দৌড়ে ছিল এই দুই চলচ্চিত্র। কিন্তু নেটফ্লিক্সের প্রযোজনায় নির্মিত এই দুই সিনেমাকে মনোনয়ন দেয়ায় ফ্রান্সের সিনেমা প্রদর্শকরা ব্যাপক ক্ষুব্ধ হয়ে ওঠেন। কানকে তারা বড় পর্দার অভিভাবক এবং নেটফ্লিক্সকে এই শিল্পের মারাত্মক হুমকি বলে আখ্যা দেন।
বিতর্ক এতটাই বেড়ে যায় যে উৎসব চলাকালেই কান কর্তৃপক্ষ নেটফ্লিক্সকে সতর্ক করে দেয় যে তাদের প্রযোজিত সিনেমা আগে সিনেমা হলে মুক্তি দিতে হবে। ফলে উৎসব চলাকালেই কান উৎসব কর্তৃপক্ষ ঘোষণা করে যেসব চলচ্চিত্র কানে প্রতিযোগিতা করছে, তাদের অবশ্যই ফ্রান্সের নিয়ম মেনে আগে সিনেমা হলে দেখাতে হবে।
ফ্রান্সের নিয়ম অনুসারে সিনেমা হলে মুক্তি পাওয়ার তিন বছর পর স্ট্রিমিং সার্ভিসে দেখানো যাবে। এই শর্তে রাজি হয় না নেটফ্লিক্স। ফলে পরের বছর কান চলচ্চিত্র উসবে আসতে রাজি হয়নি নেটফ্লিক্স। এমনকি ‘আউট অব কম্পিটিশন’ ক্যাটাগরিতে তাদের আমন্ত্রণ জানানো হলেও তারা আসতে রাজি হয়নি।
চলতি বছরের ১৭ মে উঠবে কান চলচ্চিত্র উৎসবের পর্দা। শেষ হবে ২৮ মে। ভ্যারাইটি







