ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের অভিযোগ ছিল প্রকৃত মূল্য লুকিয়ে নেইমারকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। তাই ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছিল ব্রাজিলের ক্লাবটি। তবে হালে পানি পায়নি নেইমারের সাবেক ক্লাব। সময়ের অন্যতম সেরা তারকার বিপক্ষে সান্তোসের করা অভিযোগ বাতিল করে দিয়েছে ফিফা।
সান্তোস থেকে ৮৬.২ মিলিয়ন ইউরো মূল্যে ২০১৩ সালে নেইমারকে দলে ভেড়ায় বার্সেলোনা। কাগজে-কলমে এই পরিমাণ অর্থের কথা লেখা থাকলেও ব্রাজিলিয়ান তারকার প্রকৃত ভিত্তি মূল্য কত সেটি নিয়ে জল ঘোলা হয়েছে বিস্তর। নেইমারের প্রকৃত ভিত্তি মূল্য আরও বেশি দাবি করে তার সাবেক ক্লাব সান্তোস আদালতে মামলা ঠুকে দেয়। বড় অঙ্কের ক্ষতিপূরণও দাবি করে তারা।
তবে সান্তোসের করা সেই অভিযোগের কোন ভিত্তি খুঁজে পাচ্ছে না ফিফা। সেজন্য নেইমারকে নির্দোষ ঘোষণা করেছে সংস্থাটি। সঙ্গে বাতিল করে দিয়েছে সান্তোসের যাবতীয় অভিযোগ।
ফিফার এই সার্টিফিকেট নেইমারকে একরকম নির্দোষই প্রমাণ করল। এখন চাইলে সাবেক ক্লাবের বিরুদ্ধে মানহানির মামলাও করতে পারবেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়। সেজন্য ১০ দিন সময় বেধে দিয়েছে ফিফা।








