দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত ‘জীবনের জয়গান উৎসব’ এর দশম আসরে সেরা নবাগত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকার হিসেব পুরস্কৃত হয়েছেন নুহাশ হুমায়ূন।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এবারের পুরস্কার বিতরণী আসর। এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
নুহাশ তার নিরীক্ষা ধর্মী ১৫ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পেপার ফ্রগস’ নির্মাণের জন্য এ পুরস্কার অর্জন করেন। মূলত সাধারণ এক মেয়ের অনাগত দিনের গল্প উঠে এসেছে এতে। ছবিটিতে অভিনয় করেছেন গৌতম ঘোষের শঙ্খচিল ছবিতে রূপসার ভূমিকায় অভিনয় করা শিশুশিল্পী সাঁজবাতি এবং আনাফ রহমান।
জীবনের প্রথম নির্মিত চলচ্চিত্রের জন্য এমন পুরস্কার পেয়ে দারুণ উচ্ছ্বসিত নুহাশ। সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে নুহাশ জানান চলচ্চিত্রটি এবারের ঢাকা লিট ফেস্টে প্রদর্শনীর অপেক্ষায় আছে।
অবশ্য এবারের ঈদে নুহাশের ‘হোটেল আলবাট্রোস’ নাটকটি বেশ সাড়া ফেলার পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। অনেকেই তার মাঝে বাবা হুমায়ূন আহমেদের ছায়াও খোঁজা শুরু করে দিয়েছেন।
এদিকে সারা দেশের তরুণ প্রতিভাবানদের গীতিকবিতা, আলোকচিত্র ও চলচ্চিত্র বিভাগে প্রতিভা প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে জীবনের জয়গান বা সেলিব্রেটিং লাইফ প্রতিযোগিতা।
২০০৮ সালে শুরু হওয়া এ আসর প্রতিবছর ভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতার আয়োজন করছে। এবারের বিষয় ছিল ‘বৈচিত্র্যময় বাংলাদেশ’।








