নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির সবশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার। যেখানে মূল আলোচ্য বিষয় বোর্ডের নির্বাচন। বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবির বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতভাবে পাস হওয়া ‘বিসিবি গঠনতন্ত্র (সংশোধিত-২০১৭)’ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অনুমোদনের প্রেক্ষিতে নির্বাচনমুখী হচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করছে বিসিবি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার মিরপুরে কয়েকজন বোর্ড পরিচালকের সঙ্গে তাৎক্ষণিক সভা শেষে সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা কাল একটা জরুরি পরিচালনা পরিষদের সভা ডেকেছি। ওখানে আমরা এই অনুমোদিত গঠনতন্ত্র নিয়ে একটা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেব। নির্বাচন কমিশন কখন নির্বাচন দেবে, কী কী নিয়মে হবে সেটা তারা দেখবে।’
এখনও চূড়ান্ত না হলেও নির্বাচন কমিশন তিন সদস্যের হওয়ার সম্ভাবনার কথা জানান নাজমুল হাসান।
বিসিবির বর্তমান কমিটির নির্ধারিত চার বছরের মেয়াদ শেষ হবে আগামী ১৭ অক্টোবর। তার আগেই নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়ে যাবে বলে জানান বিসিবি সভাপতি, ‘নির্বাচনের তারিখ ঘোষণা মেয়াদ শেষের আগেই হয়ে যাবে। আমাদের মেয়াদ শেষ হবে ১৭ তারিখে। ওইদিন প্রথম বোর্ড সভা হয়েছিল। আমাদের গঠনতন্ত্র তাই বলে। যত তাড়াতাড়ি সম্ভব নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাব। কাল আরও নির্দিষ্ট করে বলতে পারব।’







