আসন্ন নির্বাচনকে ঘিরে বরগুনা পৌরসভায় এখন নির্বাচনী হাওয়ায় সরগরম। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। বিভিন্ন প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের সমর্থন আদায়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের গণসংযোগ ও সভা সমাবেশ।
বরগুনা পৌরসভায় মেয়র পদে ৬জন প্রার্থী চূড়ান্তভাবে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ১১জন প্রার্থী নিজ নিজ ওয়ার্ডে লড়বেন। নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে বরগুনা পৌরসভার গোটা নির্বাচনী এলাকা।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের গণসংযোগ ও ঘরোয়া সভা সমাবেশ। নির্বাচনী জয়ী হতে পারলে পৌরসভার উন্নয়নসহ আধুনিক পৌরসভায় রূপান্তর ও দুর্নীতি-মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন প্রার্থীরা।
নির্বাচনে জয়ের ব্যাপারে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীরা শতভাগ আশাবাদী হলেও ভোট কারচুপির আশংকা করছেন বিএনপি সমর্থিত প্রার্থী এসএম নজরুল ইসলামের। তিনি আসন্ন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবী জানিয়েছেন।
প্রচার প্রচারণায় পিছিয়ে নেই সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরাও। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচার প্রচারণা চালাচ্ছেন। সেই সঙ্গে ভোটারদের দেখাচ্ছেন পরিবর্তনের স্বপ্ন।
অন্যদিকে সৎ যোগ্য সবসময় জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার সার্বিক উন্নয়নে সকল কার্যক্রম পরিচালনা করতে সক্ষম এ ধরণের প্রার্থীকেই ভোট দিতে আগ্রহী ভোটাররা। নির্বাচনে যে প্রার্থীই জয়ী হোক না কেন এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবে এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় ভোটাররা।
১২.৯৬ বর্গ কিলোমিটারের আয়তনের এ পৌরসভা ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়ে প্রথম শ্রেণিতে উন্নীত হয় ১৯৯৯ সালে। সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পৌরসভায় ভোটার রয়েছেন ২২ হাজার ৫৮ জন এর মধ্যে পুরুষ ১১ হাজার ২৬৮জন, মহিলা ১০ হাজার ৭৯০জন।







