হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশের অন্যসব বিমানবন্দরে বাড়তি সতর্কতা ব্যবস্থা নেয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, রোববারের হামলাকারীর মোটিভ সম্পর্কে এখনো পরিস্কার কিছু জানতে পারেনি পুলিশ।
বিমানবন্দরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি আরো বলেন, ওই ঘটনার সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক আছে কী না তা যাচাই করে দেখতে হবে। এ ধরণের ঘটনার চেষ্টা হলে তা প্রতিহত করার মতো সক্ষমতা এবং আন্তরিক প্রচেষ্টা আমাদের আছে।
নিরাপত্তার দুর্বলতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বিমান বন্দরে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন গেট বন্ধ করে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে সতর্ক করা হয়েছে। তবে এর জন্য এ মুহূর্তে বাড়তি কোন সতর্কতা বা রেড এলার্ট দেয়ার প্রয়োজন নেই বলে মনে করেন বিমান মন্ত্রী।
রোববার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন নম্বর বহির্গমন লাউঞ্জে এক যুবকের ছুরির আঘাতে এক আনসার সদস্য নিহত ও দুই পরিচ্ছন্নতাকর্মী আহত হন। পুলিশ তাৎক্ষণিকভাবে ওই যুবককে আটক করে।
হামলাকারী যুবক বিমানবন্দরের পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা এ কে ট্রেডার্সের গেঞ্জি পরে ঢুকলেও সে ওই প্রতিষ্ঠানটির কর্মী নয় বলে এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতারণা করে সে ওই সংস্থার পোশাক সংগ্রহ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওই যুবককে কড়া নিরাপত্তা ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে আসামী করে বিমান বন্দর থানায় সোমবার হত্যা মামলা দায়ের করেছেন আশরাফুল আলম নামে এক আনসার কর্মকর্তা। এজাহারে হামলাকারীর নাম শিহাব এবং স্থায়ী ঠিকানা রাজশাহী উল্লেখ করা হয়েছে।








