সব সময় হাসিমুখ, প্রাণচাঞ্চল্যে ভরপুর এক কর্মবীর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ তার ৮৩তম জন্মদিন।
১৯৩৪ সালর ২৫ জানুয়ারি সিলেটে জন্ম গ্রহণ করেন তিনি। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রী অর্জন করেন এবং পরের বছর হন স্নাতকোত্তর।
১৯৫৬ সালে সরকারি চাকুরে হিসেবে কর্মজীবন শুরু করে শেষ করেন পরিকল্পনা সচিব এর দায়িত্ব পালনের মধ্য দিয়ে। এরশাদের সময় অর্থমন্ত্রী ছিলেন তিনি। আবার ২০০৯ সাল থেকে তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।
শ্রদ্ধা আর ভালোবাসায় উদযাপিত হলো মন্ত্রিসভার সবচে বয়োজ্যেষ্ঠ সদস্য আবুল মাল আবদুল মুহিতের জন্মদিন। এ দিনটিতে তার চাওয়া সুস্থভাবে জীবনের বাকি দিনগুলো কাটানো আর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া।
জীবনের যা কিছু অর্জন তা নিয়ে সন্তুষ্ট অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২২টিরও বেশি বইও লিখেছেন তিনি।
দেশের আরো দুই অর্থবছরের বাজেট দিতে চান অর্থমন্ত্রী। জন্মদিনে বলেছেন, দেশের মানুষের কাছে কৃতজ্ঞতার শেষ নেই তার।
তিনি বলেন, ‘৮২ বছর শেষ করলাম, আজকে ৮৩ তে পা দিয়েছি। এখনও কর্মক্ষম, সুস্থ-সবল। রোগবালাই কিছু নেই, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে। এরচেয়ে বড় নিয়ামত হলো আজীবন দেশের সেবা করেছি, পাবলিক সার্ভিস বলতে পারেন, এখনও পাবলিক সার্ভিসে আছি।’
অর্থমন্ত্রী নিশ্চয়তা দিয়ে বলেন, ‘এবারে ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে এই দেশের। অনেক দিন থেকে আটকে আছি, সাত সাত বলি যেতে পারি না। অর্থনীতির জন্য খুব ভালো বছর গেছে। সেজন্য বেগম খালেদা জিয়াকেও আজকের দিনে একটু ধন্যবাদও দিয়ে দেবো। যে তিনি আমাদের যাত্রা পথে বিঘ্ন মোটেও সৃষ্টি করেননি। এটা তার অবদান।’






