রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় নার্গিসের ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারী আমজাদ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩ কর্মচারী।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতরা হলেন, সোহাগ (২৫), ইয়ামিন (২৫) ও মেহেদী (২০)।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের নায়েক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দোকানের কর্মচারী আল আমিন বলেন, যারা আগুনে দগ্ধ হয়েছেন তারা সবাই নার্গিসের দোকানের কর্মচারী। আমিও ওই দোকানে কাজ করি। আমি আজ দোকানের মালিক নার্গিসের বাসায় ছিলাম। আগুনের খবর পাওয়া মাত্র দোকানে আসি।
দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমজাদকে মৃত ঘোষণা করেন। বাকী তিনজনের চিকিৎসা চলছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, প্লাস্টিকের ময়লার স্তুপ থেকে আগুনের সূত্রপাত। আগুনের খবর পেয়ে পলাশী থেকে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।







