সকালের নাস্তায় লবণ বেশি হওয়ায় ভারতের মহারাষ্ট্রের এক ব্যক্তি তার ৪০ বছর বয়সী স্ত্রীকে হত্যা করেছে। আরেক ঘটনায় চা না দেয়ায় মেয়েকে খুন করেছে এক পিতা।
এনডিটিভি জানায়, শুক্রবার সকালে মহারাষ্ট্রের থানে জেলার ভাইন্দর শহরে প্রথম ঘটনাটি ঘটে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় পুলিশ ট্রাস্ট অফ ইন্ডিয়াকে জানায়, নিলেশ ঘাঘ (৪৬) নামে ওই ব্যক্তি সকালের নাস্তায় খিচুড়িতে লবণ বেশি হওয়ায় রেগে গিয়ে সাড়ে নয়টার দিকে নিজ বাসভবনে স্ত্রী নির্মলাকে শ্বাসরোধ করে হত্যা করে।
আগের দিন বৃহস্পতিবার অনুরূপ এক ঘটনা ঘটে থানের রাবোদি এলাকায়। সেখানে এক সৎ বাবা তার মেয়েকে পেটে গুলি করে হত্যা করে।
পুলিশ জানায়, সকালের নাস্তার সাথে চা পরিবেশন না করায় এই ঘটনা ঘটায়। গুলিবিদ্ধ অবস্থায় ওই মেয়েকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীর অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যায়।








