যে কারণে চাকরি হারিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে সে সম্পর্কে কিছুই জানেন না বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত! মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে বললেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না, কিচ্ছু না।
ঘটনাটি যখন ঘটে তখন শান্ত অবশ্য অধিনায়ক ছিলেন না। ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন নাসুমকে চড় মারার অভিযোগের পর তদন্ত প্রতিবেদনের জেরে চাকরি হারান হাথুরু। তখন বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তার চোটের কারণে বিশ্বকাপের দুটি ম্যাচে শান্ত নেতৃত্ব দিয়েছিলেন।
বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, ন্যাক্কারজনক ঘটনাটি সেদিনের। ম্যাচে বিরতির সময় একাদশের বাইরে থাকা নাসুমকে পানি নিয়ে মাঠে যেতে বলেন কোচ হাথুরুসিংহে। সবকিছু গুছিয়ে পানি নিয়ে মাঠে যেতে নাসুমের ৩০ সেকেন্ড দেরি হয়। যে কারণে সেদিন তাকে চড় মারেন হাথুরু।








