নার্গিস হত্যা চেষ্টা মামলায় বদরুলের বিচার শুরু

সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যা চেষ্টা মামলায় একমাত্র আসামি বদরুলের বিচার শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে এ বিচার শুরু করা হয়। এর আগে সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে আসামি বদরুলকে আদালতে এনে হাজির করে পুলিশ।
আদালত আগামী ৫ ডিসেম্বর থেকে আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহনের তারিখ নির্ধারণ করেছেন। সরকারপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, আলোচিত এ ঘটনার বিচার দ্রুততম সময়ে শেষ করতে তারা আদালতে আর্জি জানিয়েছেন।
আদালতের কাছে খাদিজা হত্যাচেষ্টা মামলার ন্যায় বিচার চেয়েছে তার পরিবার। নার্গিসের পরিবারের আইনজীবিরাও বলছেন, প্রকাশ্য দিবালোকে সংগঠিত হওয়া এ ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করতে তারা আইনী লড়াই চালিয়ে যাবেন।
এ ঘটনায় পুলিশ ৮ বদরুলকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করলে আদালত চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু করেছেন। বিচার চলাকালে আদালতে পুলিশ, ডাক্তার সহ ৩৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হবে।
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে নার্গিসকে কুপিয়েছিল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বহিস্কৃত ছাত্রলীগ নেতা বদরুল আলম।






