বখাটের চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিস সুস্থ হয়ে গণমাধ্যমের সামনে এসেছেন। কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। এসময় তিনি নিজের সুস্থতার জন্য দোয়া চেয়ে সবাইকে ধন্যবাদ জানান। ধন্যবাদ জানান স্কয়ার হাসপাতালের ডাক্তারদেরও।
গত ৩ অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে শাবির ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল। হামলার পরপরই বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন এমসি কলেজের শিক্ষার্থীরা।
৪ অক্টোবর এ ঘটনায় নগরীর শাহপরান থানায় মামলা দায়ের করেন নার্গিসের চাচা আব্দুল কুদ্দুস। ৫ অক্টোবর হামলার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন বদরুল।
হামলার পর নার্গিসকে উদ্ধার করে প্রথমে ওসমানী হাসপাতাল ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর ১৩ অক্টোবর নার্গিসের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। ধীরে ধীরে আবার সুস্থ হয়ে উঠে সে।
সরকারের পক্ষ থেকে নার্গিসের চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস দেওয়া হয়। আর শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে বদরুলকে বহিস্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।








