খিলগাঁওয়ে ওয়ার্কশপে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পরিবারের দাবি পূর্বশত্রুতা

রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় একটি ওয়ার্কশপের ভেতরে মোস্তফা (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জের ধরে কয়েকজন তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে পুলিশের প্রাথমিক ধারণা, চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা তাকে মারধর করে থাকতে পারেন। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।
শনিবার ভোরে নাগদারপাড় পেট্রোল পাম্পের বিপরীত পাশে একটি ওয়ার্কশপ থেকে গুরুতর আহত অবস্থায় মোস্তফাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের বোন আয়েশা ও জুলেখার অভিযোগ, ভাই দিনমজুরের কাজ করতেন। মাছ চাষের জন্য তারা একটি ডোবা কেনেন। এ নিয়ে হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ওই বিরোধের জের ধরে শনিবার ভোর ৩টার দিকে কয়েকজন মোস্তফাকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে নাগদারপাড় পেট্রোল পাম্পের বিপরীত পাশে একটি ওয়ার্কশপের ভেতরে হোসেন, ইউনুস, খানসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন তাকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন। পরিবারের দাবি, মারধরের কারণেই মোস্তফার মৃত্যু হয়েছে। পরে পুলিশের সহযোগিতায় মোস্তফাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
মোস্তফার বাসা নাগদারপাড় ব্রিজ কমিশনার বাড়ি এলাকায়। বাবার নাম মৃত নেয়ামত আলী। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে মোস্তফা ছিলেন একজন। সাত মাস আগে অর্থ ও চিকিৎসার অভাবে মোস্তফার বাবা মারা যান।
খিলগাঁও থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নাগদারপাড়ের একটি ওয়ার্কশপের ভেতর থেকে মোস্তফাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে সকাল পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যান। এরপর চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা তাকে মারধর করে থাকতে পারেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।






