বোস্টনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় এবার নারী দিবস পালিত হবে কর্মক্ষেত্রে নারীদের ছাড়া। নারীরা নিজ নিজ কর্মক্ষেত্রে কোন কাজ করবেন না সেদিন।
দিবসটি এভাবে পালনের উদ্দেশ্য হলো আর্থ-সামাজিক উন্নয়নে নারীর অবদান সবার কাছে তুলে ধরা। এছাড়াও আয়ের বৈষম্য এবং শারীরিক লাঞ্ছনার প্রতিবাদের উদ্দেশ্যে নারীরা সব ধরনের কাজ বন্ধ করে রাখবেন। তারা জানিয়েছেন, পৃথিবীর যে কোন স্থানের যে কেউ দিবসটিকে এভাবে সমর্থন করতে পারেন।

আয়োজকরা যেভাবে দিবসটি পালনের জন্য নারীদের উৎসাহিত করছেন তা হলো-
- ৮ মার্চ যেকোন ধরনের বৈতনিক এবং অবৈতনিক কাজ থেকে বিরত থাকা।
- সবধরনের কেনাকাটা থেকে বিরত থাকা। কিনলে নারী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান থেকে কেনা।
- আয়োজনে সমর্থন জানিয়ে লাল পোশাক পরা।
বোস্টনের নামকরা রেস্তোরাঁগুলোর বেশিরভাগেই নারী রাঁধুনিদের কদর বেশি। নামী-দামী অনেকগুলো রেস্তোরাঁ নারীরাই চালাচ্ছেন। তাই ধারণা করা হচ্ছে সবচেয়ে বেশি প্রভাব পড়বে বোস্টনের রেস্তোরাঁগুলোতে। এছাড়াও সেখানে ঘরে-বাইরে সব জায়গাতেই নারীদের অভাবটা বেশ ভালোভাবেই বোঝা যাবে নারী দিবসে।







