রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় তিন জঙ্গি নিহতের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে র্যাব। শনিবার রাতে তেজগাঁও থানায় র্যাবের পক্ষ থেকে মামলাটি করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, নিহত তিন জঙ্গি ও অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। মামলা নম্বর ১০।
র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন, রাজধানীর পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলায় র্যাবের জঙ্গি বিরোধী অভিযান শেষে আলামত সংগ্রহের পর শনিবার রাতে রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর উপধারা (২)/৮/৯/১০/১২/১৩ ধারায় মামলা করা হয়েছে।
তিনি বলেন, র্যাবের এক ডিএডি বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইন মামলাটি দায়ের করেন। রুবি ভিলায় অভিযানে নিহত তিন জঙ্গির নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
রুবি ভিলার মালিক সাব্বির হোসেন, ম্যানেজার শিতল ও কেয়ারটেকার রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
মামলায় উল্লেখ করা হয়েছে, নিহত তিন জঙ্গিই জেএমবি’র সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম নাখাল পাড়ার রুবি ভিলা নামের ৬ তলা বাড়িটির পঞ্চম তলায় কয়েকজন জঙ্গি সদস্য রয়েছেন বলে র্যাব জানতে পারেন। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালাতে গেলে বাড়ির ভিতর থেকে গুলিবর্ষণ ও গ্রেনেড ছুড়ে মারা হয়। র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে তিন জঙ্গি সদস্যের মৃত্যু হয়। এসময় দুই র্যাব সদস্যও আহত হন।
শনিবার বিকেলে নিহত তিন জঙ্গির ময়নাতদন্ত শেষ হয়। ময়নাতদন্ত শেষে হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. সেলিম রেজা জানান, নিহত তিন জঙ্গির শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। গুলি শরীর ভেদ করে বেরিয়ে গেছে।
ময়নাতদন্তের সময় একজনের শরীর থেকে একটি গুলি বের করা হয়। গুলিতেই তাদের মৃত্যু হয় বলে জানান তিনি।
ছবি: ওবায়দুল হক তুহিন










