নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযানের সময়ে র্যাবের গুলিতে কয়েক জঙ্গি নিহত হয়েছে। তবে কতজন জঙ্গি নিহত হয়েছে তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান। বোম ডিসপোজাল ইউনিট বাড়িটির ভেতরে ঢুকেছে। ওই ভবনের আশেপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
এছাড়া বাড়ির মালিক ও কেয়ারটেকারসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে র্যাব সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও এমপি হোস্টেলের পিছনে রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় একটি ছয় তলা বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পায় র্যাব।
বৃহস্পতিবার গভীর রাত থেকেই পশ্চিম নাখাল পাড়ার ১৩/১ রুবী ভিলা নামের ৬ তলা বাড়িটি ঘিরে ফেলে র্যাব সদস্যরা।
র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ তলা বাড়িটির পঞ্চম তলায় কয়েকজন জঙ্গি সদস্য রয়েছেন বলে তারা জানতে পারেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে গেলে বাড়ির ভিতর থেকে গুলিবর্ষণ ও গ্রেনেড ছুড়ে মারা হয়। র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে। এসময় দুই র্যাব সদস্যও আহত হন।








