চট্টগ্রাম থেকে: ‘অভিষেক ম্যাচ হিসেবে আমার মনে হয় নাঈম অসাধারণ বোলিং করেছে। আজকের চেয়ে গতকালের উইকেটে বোলারদের জন্য সহায়তা কিছুটা কম ছিল, সেখানে ও এত ভালো বোলিং করেছে! আমি মনে করি ওর খুবই ভালো ভবিষ্যত আছে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভিষিক্ত নাঈম হাসানকে নিয়ে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের ভবিষ্যতবাণী এটি। ১৭ বছরের এই তরুণকে নিয়ে সাকিবের মুগ্ধতার পাশাপাশি আছে পর্যবেক্ষণও।
‘ওকে তাড়াতাড়ি অনেককিছু শিখতে হতে পারে এবং খেলার সাথে সাথে ও সেগুলো শিখবে। সব থেকে ভালো জিনিস মনে হয়েছে, ও অনেক সাহসী।’
ক্যারিবীয়দের বিপক্ষে দলের বিপদের সময় নাঈম খেলেছেন ৭৪ বলে ২৬ রানের প্রত্যায়ী ইনিংস। ভয়ংঙ্কর হয়ে ওঠা ক্যারিবীয় পেশার শ্যানন গ্যাব্রিয়েলকে সামলেছেন সাবলীলভাবে। পরে বল হাতে ছড়িয়েছেন দ্যুতি। অভিষেকে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নিয়ে করেছেন বিশ্বরেকর্ড।
দ্বিতীয় ইনিংসে বল ঘোড়ান ৭ ওভার। তবে দেখা পাননি উইকেটের। তার আগে ব্যাট হাতে ২৭ বল মোকাবেলা করে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস কিছুটা লম্বা করতে ভূমিকা রাখেন। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়ার যে মানসিকতা মাঠে দেখিয়েছেন নাঈম, তাতে দলের অধিনায়কের কাছ থেকে প্রশংসাবাক্য তার প্রাপ্যই ছিল!







