বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন তার আইনজীবী।
সোমবার দুপুরে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন। গত ১৮ জুন নাইকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট আবেদনে রুল খারিজ করে হাইকোর্ট রায় দেন।
আগামী ২৮ ডিসেম্বর এ মামলার অভিযোগ (চার্জ) গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। গত ৩০ নভেম্বর হাইকোর্টের আদেশে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান মামলাটির প্রধান আসামি খালেদা জিয়া। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারিক আদালত।
২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।







