নতুন ‘স্পাইডারম্যান’ হিসেবে দর্শকদের ‘স্পাইডি’ জালে আটকাতে আসছেন টম হল্যান্ড। টমকে ‘পিটার পার্কার’ অর্থাৎ ‘স্পাইডারম্যান’ চরিত্রে অভিনয়ের জন্য মনোনিত করেছে মার্ভেল স্টুডিও এবং সনি পিকচারস।
জন ওয়াটসের পরিচালনায় ২০১৭ সালের জুলাইতে মুক্তি পাবে ‘স্পাইডারম্যান’ চলচ্চিত্রটি। এর মাধ্যমেই ‘স্পাইডারম্যান’ হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে টম হল্যান্ডের।
মেধাবী অনেক উঠতি অভিনেতাকে টপকে স্ক্রিন টেস্টে ‘স্পাইডারম্যান’ হিসেবে টমকে মানিয়ে যাওয়ায় তাকেই বেছে নেয়া হয়েছে। আপকামিং চলচ্চিত্রটি নিয়ে বলতে গিয়ে এটাই বললেন সনি মোশন পিকচারসের চেয়ারম্যান টম রথম্যান।
বিবিসি’র টিভি সিরিজ উল্ফ হল সহ হার্ট অব দ্য সি এবং দি ইম্পসিবল চলচ্চিত্রে অভিনয় করা টম এবার অভিনয় করবেন ছেলে-বুড়ো সবার পছন্দের ‘স্পাইডারম্যান’ চলচ্চিত্রে।
নতুন ‘স্পাইডি’ টমের ভূয়সী প্রশংসা করেছেন টবি ম্যাকগুয়্যারকে দিয়ে স্পাইডারম্যানকে পুনরুজ্জীবিত করা অ্যামি প্যাসকেল।
১৯৯৯ সালে টবিকে পিটার পার্কার ওরফে ‘স্পাইডারম্যান’ চরিত্রটির জন্য বেছে নিয়েছিলেন তিনি। আর ২০১২ এবং ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্পাইডারম্যান’ ছবি দুটোতে এই চরিত্রে অভিনয় করেছিলেন অ্যান্ড্রু গারফিল্ড।







