নতুন রূপে জোনাহ হিল

চরিত্রের প্রয়োজনে ওজন বাড়িয়ে কিংবা কমিয়ে ফেলায় পটু জোনাহ হিল। ‘ওয়ার ডগস’ ছবির জন্য বেশ খানিকটা ওজন বাড়াতে হয়েছিল এই হলিউড তারকাকে। ছবিতে একজন অস্ত্র ব্যবসায়ীর চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য ওজন বাড়িয়েছিলেন এই তারকা। এবার সাংবাদিকদের ক্যামেরায় তিনি ধরা পরলেন নতুন রূপে।
ওজন ঝরিয়ে একেবারে ‘ফিট’ হয়েছেন জোনাহ হিল। দেখা গেছে লস অ্যাঞ্জেলেসের একটি জিম থেকে একটি পানির বোতল হাতে নিয়ে হেঁটে বের হয়ে আসছেন জোনাহ হিল। ছবিতে দেখা যায় বাড়তি মেদ পুরোপুরি ঝরিয়ে ফেলেছেন তিনি। এর আগেও চরিত্রের প্রয়োজনে ওজন কমিয়েছেন জোনাহ হিল। তবে ভক্তরা আগে কখনোই এতো কম ওজনে দেখেনি ৩৩ বছর বয়সী এই তারকাকে।

জোনাহ হিল জানান, বাড়তি মেদ কমানোর জন্য জিমে একজন অভিজ্ঞ প্রশিক্ষক নিয়োগ দেন তিনি। সেই সঙ্গে বিশেষ ডায়েট মেনে চলেছেন।
একাধারে নায়ক, প্রযোজক, লেখক এবং কৌতুক অভিনেতা জোনাহ হিল ‘মানি বল’ এবং ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুবার অস্কারের জন্য মনোনীত হন। বর্তমানে তার পরবর্তী ছবি ‘হাও টু ট্রেইন ইয়োর ড্রাগন থ্রি’র কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। টাইমস অব ইন্ডিয়া।



