দখল হওয়া পশ্চিম তীরের ইহুদি বসতিতে আরও আড়াই হাজার বাড়ি বানানোর ব্যাপারে ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের এক মুখপাত্র বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কট মোকাবেলায় দুই দেশ নীতির ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার পথে এ ধরণের ‘একপক্ষীয় সিদ্ধান্ত’ এক বড় বাধা।
মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু নতুন আড়াই হাজার বাড়ি নির্মাণের ঘোষণা দিয়ে জানান, আবাসস্থলের প্রয়োজনীয়তার প্রেক্ষিতেই তিনি এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান এ সিদ্ধান্ত নিয়েছেন।
ইসরায়েলের এ ঘোষণায় নিন্দা জানিয়েছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন- পিএলও।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নতুন বসতি স্থাপনের এমন ঘোষণা এটি দ্বিতীয়।
ইসরায়েলে ইহুদি বসতি স্থাপনের ব্যাপারে বারাক ওবামার চেয়ে বেশি সহানুভূতিশীল হওয়ার ইঙ্গিত দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইহুদি বসতির পক্ষ সমর্থনকারী কর্মকর্তাকে ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূতও নিয়োগ দিয়েছেন তিনি।








