ইংলিশ প্রিমিয়ার লিগে আধিপত্য বজায় রেখেছে ম্যানচেস্টার সিটি। শেষ হওয়া বছরে রেকর্ড ৩৬টি ম্যাচ জিতেছিল পেপ গার্দিওলার দল। নতুন বছরে আর্সেনালের বিপক্ষে ধারাবাহিকতা ধরে রাখল সিটিজেনরা।
শনিবার এমিরেটস স্টেডিয়ামে বছরের প্রথম লিগ ম্যাচে আর্সেনালের বিপক্ষে ২-১ গোলে জয় তুলেছে সিটি। সাকার গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে স্পটকিকে সমতায় ফেরান মাহারেজ। যোগ করা সময়ে রদ্রির গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।
বছরের শুরুতে বড় পরীক্ষায় ঠিকভাবে উতরেছে সিটি। টেবিলে পোক্ত করেছে নিজেদের স্থানও। ২১ ম্যাচে ১৭ জয়ে ৫৩ পয়েন্ট ম্যানসিটির। দুইয়ে থাকা চেলসির (৪২) থেকে তারা এগিয়ে ১১ পয়েন্টে। তিনে লিভারপুল (৪১) ও চারে ৩৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল। তালিকার ৬ নম্বরে আছে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রতিপক্ষের মাঠে শেষ সময়ের গোলে জয় পেলেও পুরো ম্যাচে আধিপত্য রেখেছিল ম্যানসিটি। ৭০ শতাংশ বল দখলে রেখে ৮টি শট নিয়েছিল গোলে, লক্ষ্যে ছিল দুটি। বল দখলে পিছিয়ে থাকা আর্সেনালের ৬ শটের দুটি ছিল লক্ষ্যে।
ম্যাচের ১৪ মিনিটে গোলের প্রথম সুযোগ আসে সিটির। স্টার্লিংয়ের দুর্দান্ত ক্রস জাল খুঁজে নিতে পারেনি। ১১ মিনিটে পেনাল্টির জোরাল আবেদন করে রেফারির সাড়া মেলেনি আর্সেনালের। ভিএআরে মীমাংসা হয় কর্নারের।
বল দখল ও আক্রমণে আধিপত্য দেখানো সিটি পিছিয়ে পড়ে ৩১ মিনিটে। পাল্টা আক্রমণে টিকনারির বাড়ানো বল দুর্দান্তভাবে সিটির জালে জড়ান মিডফিল্ডার বুকায়ো সাকা।
ম্যাচের ৩৯ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয়ার সুযোগ আসে সাকার। সে যাত্রায় আর জালের দেখা পাননি গানার মিডফিল্ডার। বিরতির আগ পর্যন্ত গোলশূন্য থাকে সিটি।
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় সিটিজেনরা। ৫৩ মিনিটে আর্সেনালের বক্সে কারিকুরি করতে থাকেন সিলভা। তাকে পেছন থেকে ফেলে দেন গ্রানিত জাকা। পেনাল্টির জোড়াল দাবি জানায় সিটি। ৫৫ মিনিটে ভিএআরের সাহায্য নিয়ে জাকাকে হলুদ কার্ড দেখান রেফারি। রিয়াদ মাহারেজের সফল স্পটকিকে সমতায় ফেরে অতিথিরা।
পরে ৫৭ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন গ্যাব্রিয়েল। দুই মিনিট যেতেই আবারও ফাউল করলে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে বাধ্য হন আর্সেনাল ডিফেন্ডার।
১০ জনে পরিণত হওয়া স্বাগতিকদের বিপক্ষে পরের সময়ে আক্রমণের ধার বাড়ায় সিটি। নির্ধারিত সময় শেষ হলেও জালের দেখা পাচ্ছিল না তারা।
গত বছর উড়তে থাকা সিটি যখন পয়েন্ট ভাগাভাগির দিকে, তখন ত্রাতা রদ্রি। বক্সের বাইরে থেকে নেয়া ডি ব্রুইনের দুর্দান্ত ক্রস থেকে আসা বল জালে জড়িয়ে সমতা টানেন মিডফিল্ডার।
জয়সূচক গোলে উদযাপনে মাতার পর আর কোনো গোল না হলেও দুটি হলুদ কার্ড দেখে সিটি। জার্সি খুলে উদযাপনের জন্য ম্যাচের নায়ক রদ্রি এবং আর্সেনালকে দ্রুত ফ্রি-কিক নিতে বাধা দিয়ে বের্নার্দো সিলভা হলুদ কার্ড দেখেন।







