নতুন নির্বাচন কমিশনকে দুর্গম পথ পাড়ি দিতেই হবে

ফাইল ছবি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালকে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, মো. আলমগীর ও মো. আনিছুর রহমানকে।
রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলসমূহের বৈঠকের পর গত ২৭ জানুয়ারি তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে জাতীয় সংসদে ইসি গঠন প্রক্রিয়া নিয়ে আইন পাস হয়। ৫ ফ্রেব্রুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন- ২০২২’ অনুযায়ী সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সার্চ কমিটি দায়িত্ব পালনকালে নিজেরা সাতটি সভা এবং ইসি গঠনে পরামর্শ পেতে ৪৭ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। মন্ত্রী পরিষদ বিভাগ ১৪ ফেব্রুয়ারি ৩২২ জনের নাম ওয়েবসাইটে প্রকাশ করে। এদের মধ্যে রাজনৈতিক ব্যাক্তিত্ব, পেশাজীবী সংগঠন এবং ব্যাক্তি পর্যায়ের নামও ছিল। তালিকা যাচাই-বাছাই করে কয়েকজনের নাম একাধিকবার পাওয়া যায়। সংশোধনের পর তালিকায় ৩১৫ জনের নাম ছিল। এরপর তালিকায় নাম কমিয়ে ৫০ জন, পরে ২০ জন এবং সবশেষে ১০ জনের নাম রাখা হয়। সেই ১০ জনের মধ্য থেকে সিইসি ও ৪ জনকে নির্বাচন কমিশনার করা হয়।
তবে বিএনপি ও সিপিবিসহ কয়েকটি দল সার্চ কমিটিতে নামের কোনো তালিকা জমা দেয়নি। এছাড়া রাষ্ট্রপতি শুরুতেই এ বিষয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন, যেখানে বিএনপি এবং কয়েকটি রাজনৈতিক দল সংলাপে অংশ নেয়নি। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ প্রায় সব রাজনৈতিক দল এবং জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) এই আলোচনায় অংশগ্রহণ করে। তারা আগামী দিনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য ইসি নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের প্রস্তাব করেন।
নির্বাচন কমিশন গঠনে বিএনপি সহ কিছু রাজনৈতিক দলের যতই অনাগ্রহ থাকুক, নতুন কমিশন এখন বাস্তবতা। সেক্ষেত্রে সাংবিধানিক সংকট যেন তৈরি না হয়, সেটা রাজনৈতিক নেতৃত্বকেই নিশ্চিত করতে হবে। নতুন নির্বাচন কমিশনের জন্যও এখন চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করা। নিজেদের নিরপেক্ষ কর্মকাণ্ডের মাধ্যমে তারা সেই আস্থা অর্জনে সচেষ্ট হবে বলেই আমাদের আশাবাদ। দেশের সব দলমতের রাজনৈতিক শক্তিকে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের দুর্গম পথ নতুন নির্বাচন কমিশনকে পাড়ি দিতেই হবে।






