২০২১ সালে ভারতের সাধারণ নির্বাচনে অংশ নেবেন তামিল সুপারস্টার রজনীকান্ত। রোববার ভক্তদের সঙ্গে মতবিনিময় সভায় এমনটাই জানিয়েছেন তিনি।
রজনীকান্ত জানান, নিজেই একটি নতুন দল খুলে তিনি রাজনীতির মাঠে নামবেন। এছাড়া আগামী নির্বাচনে তামিলনাড়ুর সবগুলো আসনে নিজের দলের প্রার্থীও দেবেন তিনি।
মতবিনিময় সভায় রজনীকান্ত আরও বলেন: এই মুহূর্তে গণতন্ত্রের কাঠামো খুব খারাপ পর্যায়ে আছে। অন্যান্য প্রদেশ তামিলনাড়ুকে নিয়ে হাসাহাসি করে। এই অবস্থায় রাজনীতিতে নামার সিদ্ধান্ত না নিলে নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হব।
‘গণতন্ত্রের নামে রাজনীতিবিদরা রীতিমত ডাকাতি করে’, অভিযোগ করে তিনি এই অবস্থার পরিত্রাণ চান গোঁড়া থেকে পরিবর্তনের মাধ্যমে। তাই ‘সততা, পরিশ্রম আর উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে রাজনৈতিক দলকে এগিয়ে নেবেন বলে জানান রজনীকান্ত।
পদ কিংবা ক্ষমতার জন্য রাজনীতিতে যোগ দিচ্ছেন না বলে সাফ জানিয়ে দেন রজনীকান্ত। তিনি বলেন: কোন লোভ থাকলে ৪৫ বছর বয়সেই রাজনীতিতে যোগ দিতে পারতাম, ৬৮ বছর পর্যন্ত অপেক্ষা করতে হত না।
দেশের মানুষ এবং নিজ প্রদেশের উন্নয়নে কাজ করার জন্য এখন দৃঢ় প্রত্যয়ী এই তামিল সুপারস্টার।







