বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রকিব খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার ওই উপপরিদর্শককে (এসআই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।
পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাব্বির ইয়াসির আহসান চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য ৭ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।
পুলিশ জানিয়েছে, এসআই আব্দুর রকিবের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার রাতে এক তরুণী বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করার অভিযোগ এনে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। রাতেই আগারগাঁওয়ের তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলায় ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে পুলিশ।
ভুক্তভোগী ওই তরুণী বলেন, এসআই হিসেবে সে যোগ দেয় আড়াই বছর আগে। কিন্তু আমাদের মধ্যকার প্রেমের সম্পর্ক গত পাঁচ বছর ধরে। এর মধ্যে সে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। কিন্তু সম্প্রতি সে বিয়ে না করার জন্য টালবাহানা করছিল। বৃহস্পতিবার দিনভর তার পরিবার ও পুলিশের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা করে। আমি সর্বশেষ অনড় থেকে রাতে মামলা দায়ের করেছি।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনশি বলেন, মামলা নথিভুক্ত হওয়ার পর ধর্ষণের আলামত পরীক্ষা ও সংগ্রহের জন্য ভুক্তভোগীকে ঢামেক হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছি। রকিবের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইলে।
এর আগে এক নারীকে দীর্ঘদিন হোটেলে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে গত নভেম্বরে পল্টন থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে করা বিভাগীয় মামলার তদন্ত চলছে।










