মেঘাচ্ছন্ন আবহাওয়া। জিনিসটা একদমই পিছু ছাড়ছে না বাংলাদেশ দলের। আয়ারল্যান্ডে যাওয়ার পর থেকেই এই এক শঙ্কার মেঘ ধাওয়া করছে। আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচটি তো ভেসে গেছে ভারী বৃষ্টিতেই। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষেও জোর শঙ্কা রয়েছে হঠাৎ বৃষ্টির।
ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। নিষেধাজ্ঞার কারণে এক ম্যাচে খেলতে না পারা নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফিরেছেন। বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ত্রিদেশীয় সিরিজে টাইগারদের দ্বিতীয় ম্যাচটি শুরু হয়েছে।
উদ্বোধনীতে তামিম-সৌম্যে ৭২ রানের শুরুর পর দ্রুত তামিম-সাব্বিরকে হারালেও ম্যাচে ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। দারুণ এগোতে থাকা এই ম্যাচেই হানা দিতে পারে বৃষ্টি।
ডাবলিনের স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আকাশ মেঘাচ্ছন্ন থেকে ভারী বৃষ্টিতে রূপ নিতে পারে। সেটা স্থানীয় সময় বিকেলের যেকোনো অংশে। ক্রিকইনফোও একই শঙ্কার কথা জানিয়ে রেখেছে। বুধবার ডাবলিনে তাপমাত্রা থাকবে ১৫-১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত পরশু বৃষ্টির বাধায় অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। ম্যাচের আগেরদিনও মেঘাচ্ছন্ন আকাশ দেখে সংবাদ মাধ্যমের সামনে মেঘের লুকোচুরি নিয়ে কথা বলতে হয়েছে মাশরাফিকে। অধিনায়ক বলেছেন, আবহাওয়ার তো ঠিক নেই। হঠাৎ একটু বাতাস, আবার হঠাৎ বৃষ্টি হয়, হঠাৎ রোদও থাকে। ম্যাচ শুরুর পরও নিশ্চয় হঠাৎ বৃষ্টির এই লুকোচুরির শঙ্কাটা ভাবাচ্ছে ম্যাশকে।
তার আগে ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে নামার সময় স্মরণীয় একটি স্মৃতিও সঙ্গী হয়েছে মাশরাফিদের। এই মাঠে নিজেদের প্রথম বিশ্বকাপ যাত্রায় খেলার স্মৃতি আছে লাল-সবুজদের। ১৯৯৯ বিশ্বকাপে ক্যারিবীয়দের বিপক্ষে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নেমেছিল লাল-সবুজরা। ম্যাচটি জেতা হয়নি। ৭ উইকেটে হেরেছিল টাইগাররা। ওই বিশ্বকাপের পর থেকেই বদলে যেতে শুরু করে টাইগার ক্রিকেটের মানচিত্র।







