বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ পর্ব শুরু হয়েছে সোমবার। দুপুরে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। হেরে যাওয়া দল বিপিএলের দশম আসর থেকে বিদায় নেবে। জয়ী দল বুধবার সন্ধ্যায় মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। তাদের প্রতিপক্ষ হবে রাতে প্রথম কোয়ালিফায়ারের লড়াইয়ে (কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স) হেরে যাওয়া দল।
বুধবারের ম্যাচটি তাই বিপিএলের দ্বিতীয় সেমিফাইনাল। সেদিন ম্যাচ একটি, টিকিটের দামও কমিয়েছে টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১০০ টাকায় পূর্ব গ্যালারিতে বসে উপভোগ করা যাবে ম্যাচ।
গ্র্যান্ড স্ট্যান্ড ২,৫০০ টাকা থেকে এক হাজার কমিয়ে করা হয়েছে ১,৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ড ১,৫০০ এর জায়গায় মাত্র ৮০০ টাকা। ক্লাব হাউজের টিকিটের দাম ৮০০ থেকে কমিয়ে করা হয়েছে ৪০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ড ৪০০ টাকা থেকে করা হয়েছে ২০০ টাকা।
অনলাইনে বিসিবির ওয়েবসাইটে টিকিট মিলছে রোববার থেকে। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট (একাডেমি মাঠের কাছে) সংলগ্ন কাউন্টারে ম্যাচের আগেরদিন ও ম্যাচের দিন পাওয়া যাবে টিকিট। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এসব কাউন্টার।








