সিলেটে বখাটে দুর্বৃত্ত বদরুলের হামলায় আহত খাদিজা আক্তার নার্গিসের চিকিৎসা দেশেই সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নার্গিসকে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও জানান, ‘দেশেই নার্গিসের চিকিৎসা সম্ভব। যদি প্রয়োজন হয় এবং চিকিৎসকরা পরামর্শ দেন তখন বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়টি বিবেচনা করা হবে।’
নাসিম বলেন, ‘নার্গিসের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে।’
এদিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের মেডিসিন এন্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসক ডাক্তার মির্জা নাজিম উদ্দীন জানিয়েছেন, বৃহস্পতিবার খাদিজার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। এখন তিনি নিজে নিজে শ্বাস প্রশ্বাস নিতে পারেন। খাদিজার ডান সাইড নড়াচড়া করলেও বাম সাইড অবশ রয়েছে। তবে খাদিজাকে ডাকলে তিনি শুনতে পারছেন।
গত ৩রা অক্টোবর সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলম। পরে তাকে স্থানীয়রা ধরে পুলিশে দেয়। ৪ অক্টোবর থেকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসকদের নিবির পর্যবেক্ষণে রয়েছে খাদিজা।








