বিপিএলে সোমবারের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ১৮৮ রানের টার্গেট দিয়েছে চিটাগং ভাইকিংস। দেশি-বিদেশি ব্যাটসম্যানদের ঝড়ে মাত্র ৫ উইকেট হারিয়ে সাকিবদের এই টার্গেট দিয়েছে বন্দরনগরীর দলটি।
চিটাগংয়ের শুরু অবশ্য আহামরি ছিল না। স্কোরবোর্ডে ১৭ রান উঠতেই উইকেট হারায় তারা। ইনিংসের তৃতীয় ওভারে সুনীল নারিনের করা তৃতীয় বলে ব্যক্তিগত এক রানে বোল্ড হন সৌম্য সরকার।
শুরুর ধাক্কাই যেন তাতিয়ে তোলে চিটাগংকে। পরের ১১ ওভার তিন বলে ১০৭ রানের জুটি গড়েন বাংলাদেশের এনামুল হক বিজয় ও চিটাগংয়ের অধিনায়ক নিউজিল্যান্ডের লুক রঞ্চি। ৪০ বলে ৫৯ রান করে সাকিবের শিকার হন কিউই তারকা।
রঞ্চি ফেরার পর বেশিদূর যেতে পারেনি বিজয়-ভ্যান জিল জুটিও। দুজনের ভুল বোঝাবুঝিতে মাত্র ২ রান করেই আউট হন সাউথ আফ্রিকান ভ্যান জিল। তবে একপ্রান্তে ব্যাট হাতে ঢাকার বোলারদের শাসন করেন বিজয়। ৪৭ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন টাইগার ব্যাটসম্যান। তার ইনিংসে ছয়টি ছক্কার সঙ্গে ছিল তিনটি চারের মার।
শেষদিকে আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরানের ১০ বলে ১৬ এবং জিম্বাবুইয়ান সিকান্দার রাজার ১১ বলে ২৬ রানের ইনিংস চিটাগংকে ১৮৭ রানের স্কোর গড়তে সহায়তা করে।
ঢাকার হয়ে একটি করে উইকেট নেন, সাকিব, নারিন ও মোহাম্মদ শহিদ।







