এবছর শত বছরে পা দিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাসটি। কেবল বইয়ের পাতাতেই নয়, সিনেমার পর্দাতেও তুমুল জনপ্রিয় হয়েছে ‘দেবদাস।’ ব্যর্থ প্রেমের সার্থক উদাহরণ হয়ে দাড়িয়ে আছে দেবদাস।
অথচ, মজার ব্যাপার হলো দেবদাস উপন্যাসটি নিয়ে নিজেই সন্তুষ্ট ছিলেন না শরৎবাবু। তার মতে ,এটা নেহাতই একটা অপরিপক্ব ও বাজারি উপন্যাস ছিল। এমনকি প্রথম অবস্থায় দেবদাস সিনেমা বানাতেও তার ছিল ঘোর আপত্তি। কিন্তু বন্ধু প্রমথেশ বড়ুয়ার কথা শেষ পর্যন্ত ফেলতে পারেননি শরৎ। প্রমথেশের পরিচালনাতেই ১৯৩৫ সালে প্রথম বাংলা ভাষায় মুক্তি পায় দেবদাস।
খুঁতখুঁতে শরৎ প্রথমে না করলেও, শুটিং সেটে এসে নাকি ঠিকই হাজির হয়ে যেতেন। কিন্তু কেবল বাংলায় নয়, দেবদাস নির্মাণ হয়েছে হিন্দি, উর্দু, আসামি, তেলেগু থেকে শুরু করে ইংরেজি, ফরাসি, জার্মান, ম্যান্ডারিন, থাই, এবং পাঞ্জাবিসহ প্রায় ১৪ টি ভাষায়। এর মধ্যে বাংলা আর হিন্দিতে দেবদাস নির্মাণ হয়েছে একাধিকবার। ১৯৩৬ সালে মুক্তি পায় হিন্দি দেবদাস। আর এতে দেবদাস চরিত্রে অভিনয় করে রীতিমত তারকা বনে যান কুন্দন লাল সায়গল। তবে এখন পর্যন্ত সবচেয়ে সফল দেবদাস বোধহয় দিলীপ কুমার। হিন্দি সিনেমার এই অমর নায়কের পাশে ১৯৫৩ সালে পার্বতী সেজেছিলেন সুচিত্রা সেন।
১৯৬৫-তে পরিচালক খাজা সরফরাজ নির্মাণ করেন উর্দু দেবদাস। আর ১৯৭৯ সালে সৌমিত্র চট্টোপাধ্যায়, সুমিত্রা মুখার্জিকে নিয়ে বাংলায় আবার দেবদাস তৈরি করলেন দিলীপ রায়। বাংলাদেশেও দেবদাস নির্মাণ হয়েছে দুইবার। প্রথমবারের দেবদাস ছিলেন বুলবুল আহমেদ, দ্বিতীয়বার শাকিব খান।
তবে হাল আমলে সবচেয়ে আলোচিত দেবদাস সঞ্জয় লীলা বানসালির ২০০২ সালের হিন্দি দেবদাস। সেই সময়ে, বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ছবি ছিল এটি। ছবিতে দেবদাসের ভূমিকায় ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর পার্বতী রূপে ঐশ্বরিয়া রাই বচ্চন। চন্দ্রমুখীর চরিত্রে দারুণ সাড়া ফেলেছিলেন মাধুরী দীক্ষিত। ২০১০ সালে অনুরাগ কাশ্যপ দেবদাস নির্মাণ করেন উর্দু ভাষায়।
সর্বশেষ ২০১৩ সালে চাষি নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, মৌসুমি। তবে এখানেই নিশ্চয় থেমে যাবে না দেবদাসের নির্মাণ। যুগে যুগে পার্বতীদের প্রেমে হাবুডুবু খাবে দেব বাবুরা। আর পার্বতীরাও দেবদাসের স্মরণে জ্বালিয়ে রাখবে প্রদীপ।
ভালোবাসার সে প্রদীপ কি কখনো নিভে যাবে? প্রেম যে কেবল মিলনেই সার্থক হয় না! বিচ্ছেদের মাঝেও লুকিয়ে থাকে গভীর এক প্রেম। দেবদাস তাই সব যুগের সমকালীন আখ্যান যেন!







