রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার মহাখালীতে নিহত দিয়ার পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দিতে তাদের বাসায় গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জড়িত বাসচালক ও হেলপারসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গাফিলতি কি ছিল বা চালকদের লাইসেন্স ছিল কি না- সবগুলো বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
‘জড়িতরা যেই হোক, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কেউ প্রভাবিত করতে পারবে না। জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’
এ সময় মন্ত্রী নিহত দিয়ার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।








