দৃক কর্মকর্তা ও আলোকচিত্রী মো. ইরফানুল ইসলাম হত্যার প্রতিবাদে মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি করেছে। মানববন্ধনে আলোকচিত্রীরা ক্যামেরায় কালো কাপড় বেঁধে এবং অংশগ্রহণকারীরা কালো ব্যাজ পরে প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করে।
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র রাজু ভাস্কর্যের সামনে দৃক পিকচার লাইব্রেরি লিমিটেড ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে হত্যাকারীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বর্তমান বাংলাদেশ একটি মৃত্যুপুরী, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা এই অবস্থার অবসান চাই।
বক্তারা আরো বলেন, দেশে প্রতিনিয়ত অপহরণ, গুম, খুন ও ধর্ষণের ঘটনা ঘটছে। ইরফানুল ইসলামের মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কুমিল্লার ধর্ষিত তনু, বাঁশখালীতে গুলিতে নিহত বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাজিম উদ্দিনের মতোই ইরফান একজন সাধারণ নাগরিক, যার নিরাপত্তা প্রদানের ব্যাপারে রাষ্ট্র নির্বিকার। প্রকৃত অপরাধীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
ইরফানুল ইসলামের হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ দৃক ও পাঠশালা পরিবার।
২ এপ্রিল দৃকের প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলাম ধানমণ্ডি ৮ নম্বর সড়কে অবস্থিত ডাচ-বাংলা ব্যাংকের শাখা থেকে টাকা তোলার পর নিখোঁজ হন। পরের দিন দুপুরে নারায়ণগঞ্জের জালকুড়িতে তার লাশ পাওয়া যায়।







