দূরপাল্লার চারটি মিসাইল ছুঁড়লো নর্থ কোরিয়া

জাতিসংঘের নিষেধাজ্ঞা না মেনে আবারও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে নর্থ কোরিয়া। এবার একসঙ্গে চারটি মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। মিসাইলগুলো জাপান সাগরে পড়েছে বলে অভিযোগ করেছে জাপান সরকার।
বিবিসি জানায়, ক্ষেপণাস্ত্রগুলোর তিনটি প্রায় এক হাজার কিলোমিটার ওড়ার পর জাপানের স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) ভেতর ঢুকে পড়েছে। এ ঘটনাকে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে ‘ঝুঁকির নতুন পর্যায়’ বলে অভিহিত করেছেন।
মিসাইলগুলো নর্থ কোরিয়ার চীনের সঙ্গে সীমান্তের কাছাকাছি টংচ্যাং-রি এলাকা থেকে উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে সাউথ কোরিয়ার সামরিক বাহিনী।
সাউথ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, মিসাইলগুলো স্থানীয় সময় সোমবার সকাল ৭.৩৬টার দিকে ছোঁড়া হয়েছে। সেগুলোর ধরণ কী ছিল তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে বলে জানান তিনি।
সাউথ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মিলিত সামরিক মহড়ার প্রস্তুতির জবাবে গত শুক্রবার নর্থ কোরিয়া মিসাইল উৎক্ষেপেণর হুমকি দেয়। এ ধরণের মহড়াকে সবসময়ই নিজের বিরুদ্ধে হামলার প্রস্তুতি বলে মনে করে দেশটি।







