অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে প্লে-অফ খেলে ইউরো মূল পর্বে ওঠে আসা হাঙ্গেরি। বাছাই পর্বে টানা দশ ম্যাচ অপরাজিত (৯ জয়, ১ ড্র) থাকা অস্ট্রিয়ার সঙ্গী হয়েছে হার। তবে খেলার শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা ছিলো দুই প্রতিবেশীর খেলায়।
৬২ মিনিট পর্যন্ত গোল শূন্য থাকা ম্যাচে অ্যাডম অ্যাসসিলির গোলে প্রথম লিড পায় হাঙ্গেরি। খেলা শেষের মাত্র ৩ মিনিট আগে ‘ম্যাজিকাল ম্যাগিয়ার্স’ উইঙ্গার স্তিবের অস্ট্রিয়ার জালে বল জড়ালে জয় নিশ্চিত হয় হাঙ্গেরির।
তবে ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো হাঙ্গেরি। ব্যালাসের এগিয়ে দেওয়া বল ডি-বক্সে সামনে পেয়েও গোল আদায় করে নিতে ব্যর্থ ক্লিন্সহেসল। তার বাঁ পায়ের নেওয়া শট বার পোস্টের অনেক ওপর দিয়ে চলে গেলে গোল বঞ্চিত হয় হাঙ্গেরি। প্রথমার্ধে আরও তিনবার গোলের সুযোগ তৈরী করেও গোল আদায় করে নিতে ব্যর্থ হয় ম্যাগিয়ার্স শিবির।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে অস্ট্রিয়ার পক্ষে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন মার্ক ইয়াঙ্ক। ডেভিড আলবার বাড়িয়ে দেয়া বল হাঙ্গেরির জালে জড়াতে ব্যর্থ হন তিনি।
৬২ মিনিটে গোল হাঙ্গেরির হয়ে গোলের খাতা খোলেন অ্যাডম অ্যাসসিলি। ক্লিন্সহেসলের থ্রু থেকে বল পেয়ে অস্ট্রিয়ার জালে বল জড়ান এ স্ট্রাইকার।
৭০ ও ৭৩ মিনিটে হাঙ্গেরির পক্ষে অ্যাডম নেইগি এবং মার্সেল গোলের সহজ সুযোগ হাতছাড়া করলে গোল বঞ্চিত হয় দু’দল। 
৮৭ মিনিটে হাঙ্গেরির পক্ষে জয় সূচক গোলটি করেন স্তিবের। থমাস প্রিজকিনের বাড়ানো বল অস্ট্রিয়ার জালে জড়ান এ উইঙ্গার।
অতিরিক্ত সময়ে অবশ্য গোলের সুযোগ পেয়েছিলো অস্ট্রিয়া। আলেসান্দ্রোর শট জাল খুঁজে না পেলে ০-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মার্সেল কোলারের দল।







