ফুটবল পাগল ইতালিতে কেবল দুই সময়ের জন্য থমকে গিয়েছিল লিগের ম্যাচ; প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কিন্তু মঙ্গলবার যা হল, তা যেন চমকে দিয়েছে দেশটির মানুষকে। বিশ্বযুদ্ধ সময়কার স্মৃতি ফিরিয়ে করোনা ভাইরাস নামের এক মহামারীর কারণে বন্ধ করে দিতে হয়েছে ফুটবল লিগ, ঘরোয়া সব ক্রীড়া ইভেন্ট।
আপাতত ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত করার ঘোষণা আসলেও লিগসহ অন্য ইভেন্টগুলো আবার কবে চালু করা সম্ভব হবে জোর দিয়ে বলা যাচ্ছে না। এরইমধ্যে দেশটিতে ৬ কোটি মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মারা গেছেন ৪৬৩ জন। দ্রুত করোনা ভাইরাস সংক্রমণ ঘটায় খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে ইতালিতে সমস্ত খেলাধুলা তাই বন্ধের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জিসেপ্পে কন্তে।
‘ফুটবলে অনেক মানুষ সংশ্লিষ্ট। আক্রান্তের একটা ঝুঁকি থেকেই যায়। যদিও সত্যি কথাটা হল খেলোয়াড়দের অন্য সাধারণ মানুষের তুলনায় বেশিই নজরদারির মধ্যে রাখা হয়।’ এভাবেই বলেছেন এসি মিলান সভাপতি পাওলো স্কারোনি। ক্লাবটি ভাইরাসে আক্রান্তদের সাহায্য সেবা দেয়ার জন্য আড়াই লাখ ইউরো তহবিল দিয়েছে।
যদিও আসল সত্যিটা বলেছেন ক্লাবটির প্রধান নির্বাহী ইভান গাজিদিস, ‘ফুটবলের চেয়ে জীবনের গুরুত্ব অনেকবেশি। সংশ্লিষ্ট প্রশাসনের পরামর্শ আমাদের গুরুত্ব দিয়ে শোনা এবং সেই মোতাবেক কাজ করা আমাদের কর্তব্য।’
১৮৯৮ সাল থেকে শুরু হওয়ার পর কেবল ১৯১৬ থেকে ১৯১৯ ও ১৯৪৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সময়ে বন্ধ ছিল ইতালির শীর্ষ লিগ সিরি আ। ১৯১৫ সালে যখন ছড়িয়ে পড়েছে প্রথম বিশ্বযুদ্ধ, সেবার লিগ শিরোপা জেতে জেনোয়া। সেবছরই যুদ্ধে অংশ নেয় ইতালি।
১৯৭৩ সালে মহামারী কলেরায় আক্রান্ত হয়ে সারা ইতালিতে মারা যান ২২৭ জন। কেবল নেপলসেই মৃতের সংখ্যা ছিল ১৭০ জন। কিন্তু সেবছরও বন্ধ রাখা হয়নি লিগ।
৩ এপ্রিলের পর যদি আবারও শুরু হয় লিগ, তখন দ্রুত শেষ করাই বড় চ্যালেঞ্জ হবে সিরি আর জন্য। নির্ধারিত সূচি অনুযায়ী ২৪মে পর্যন্ত হওয়ার কথা বর্তমান লিগ। পরে আছে ২০২০ ইউরো। ১২ জুন থেকে শুরু হওয়ার কথা এই টুর্নামেন্টের।
তাড়াহুড়ো করে লিগ শেষ করে ইউরোতে খেলার প্রস্তুতি নেয়া ও বিশ্রামের জন্য কম সময়ই পাবেন ইউরোপিয়ান ফুটবলাররা। আবার একই সময়ে শুরু হবে কোপা আমেরিকাও। জুলাইয়ে শুরু হওয়ার কথা টোকিও অলিম্পিক।
করোনা ভাইরাসের ছোবলে ইতালি এমনিতেই বিধ্বস্ত, এরসঙ্গে আছে আরও খারাপ খবর। ইউরোর উদ্বোধনী ম্যাচটা হওয়ার কথা ছিল রোমে। সেই ম্যাচ আয়োজনটাও বাতিল হতে পারে।
ঘরোয়া লিগ বাতিল হলেও চলবে চ্যাম্পিয়ন্স লিগ। সবগুলো ম্যাচ হবে দর্শকহীনভাবে। ইতালি সরকার ঘোষণা দিয়েছে ম্যাচ হবে কড়া নিরাপত্তার ঘেরাটোপে।
অবশ্য এই মৌসুমে লিগ বাতিলের জোর দাবি উঠেছে। সেক্ষেত্রে সমস্যা হল কারা খেলবে আগামী মৌসুমের ইউরোপিয়ান প্রতিযোগিতাগুলোতে, আর কাদের হবে অবনমন। সেসব নিয়ে আছে প্রশ্ন।
এখন পর্যন্ত ২৪টি করে ম্যাচ শেষ হয়েছে, টেবিলের শীর্ষে আছে জুভেন্টাস। এই ফল দিয়ে লিগ শেষ করে দেয়া হলে টানা নবমবারের মতো সিরি আ চ্যাম্পিয়ন হবে জুভরা। কিন্তু এ নিয়ম আবার কিছু ক্লাবের পছন্দ না হওয়ায় আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তই বহাল থাকছে সিরি আতে।







