দিল্লীতে ছুরিকাঘাতে ৪ জন স্কুল পড়ুয়া শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে। স্কুল ত্যাগের সময় শিক্ষার্থীদের উপর ছুরি নিয়ে ঝাপিয়ে পড়ে আরেকটি স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী।
স্থানীয় পুলিশ প্রশাসনের সূত্রে এনডিটিভি জানিয়েছে, পূর্ব দিল্লীর ময়ূর বিহার এলাকার সর্বদয়া বাল স্কুলে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, দশম গ্রেডের পরীক্ষা শেষে স্কুল ত্যাগের সময় অন্য স্কুলের একদল শিক্ষার্থী ছুরি হাতে তাড়া করে সবাইকে। নিজেদের রক্ষা করতে তারা নিকটবর্তী একটি পার্কের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ৪ জনকে নাগালে পেয়ে ছুরিকাঘাত করে হামলাকারীরা।
আহত শিক্ষার্থীরা হলো গৌতম, রেহান, ফাইজান ও আয়ুশ। আহত ছাত্রদের বয়স ১৫-১৬ বছর। তাদের প্রত্যকেই ত্রিলোকপুরী এলাকার গর্ভমেন্ট বয়েজ সিনিয়র সেকেন্ডারী স্কুলের শিক্ষার্থী। সর্বদয়া স্কুলে তাদের পরীক্ষা কেন্দ্র ছিল।
ঘটনার পর পরই তাদেরকে দিল্লীর লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সুস্থতায় যথাযথ চিকিৎসা সেবার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে জেলার পূর্বাঞ্চলের পুলিশ কমিশনার।
পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয় আহত শিক্ষার্থীদের মধ্যে তিন জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে বাড়িতে পাঠানো হয়েছে। অন্যদিকে মারাত্মকভাবে আহত একজন শিক্ষার্থী এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
সিসিটিভি ফুটেজের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।










