আন্তর্জাতিক

দিল্লিতে নারী সাংবাদিককে গুলি

ভারত-সাংবাদিকের ওপর হামলা

ভারতের রাজধানী দিল্লিতে শনিবার মধ্যরাতে সাংবাদিকের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে একদল মুখোশধারীর বিরুদ্ধে। তারা পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে তাকে গুলি করে বলে জানিয়েছে পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, দিল্লির নয়ডার বাসিন্দা সাংবাদিক মিতালি চান্দোলা শনিবার রাতে নিজে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে পূর্ব দিল্লির বসুন্ধরা এসক্লেভের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই একটি মারুতি সুইফট গাড়ি তার গাড়িটিকে ওভারটেক করে পথ আটকে দাঁড়ায়। তারপরই গাড়ির ভেতর থেকে মুখোশধারী দুর্বৃত্তরা পরপর দু’টি গুলি চালায় মিতালিকে লক্ষ্য করে।

পুলিশ জানায়, একটি গুলি গাড়ির সামনের কাঁচ ভেঙে দেয়। আর অন্যটি এসে লাগে মিতালির হাতে। এই সাংবাদিকের অভিযোগ, পালানোর আগে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে পচা ডিমও ছুড়ে মারে।

গুরুতর আহত মিতালিকে ভর্তি করা হয়েছে দিল্লির ধর্মশালা হাসপাতালে। এই মুহূর্তে তিনি বিপদমুক্ত।

তবে কী কারণে হামলাটি করা হয়েছিল, তা এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, কারা, কেন এভাবে সাংবাদিক মিতালিকে আক্রমণ করল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

এর পেছনে পূর্বশত্রুতার মতো কোনো ঘটনা আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

পারিবারিক বিবাদের জেরে হামলার সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ। কারণ পুলিশি জিজ্ঞাসাবাদের উত্তরে মিতালি জানান, তাদের পরিবারে কিছুটা অশান্তি রয়েছে।

পুলিশ কর্মকর্তা জশমিত সিং বলেন, ‘দুটি বুলেটই মিতালির হাতে লেগেছে। আপাতত বিপন্মুক্ত তিনি। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, সম্ভবত পারিবারিক বিবাদের জেরেই এই আক্রমণ।’

অভিযুক্তদের ধরতে চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ।

বিষয়:নারী সাংবাদিকের উপর হামলা সাংবাদিকের উপর হামলা সাংবাদিকের ওপর গুলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…