ভারতের ব্যাঙ্গালুরুতে গুলি করে এক নারী সাংবাদিককে হত্যার একদির পর আবারও এক সাংবাদিকের ওপর গুলির ঘটনা ঘটেছে। তবে দ্রুত হাসপাতালে নেয়ার ফলে তিনি এখন আশংকামুক্ত। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক পঙ্কজ মিশ্র। বিহারের আরয়ালের বানসি গ্রামে তার বসবাস। বাড়িতে তিনি একটি সাধারণ পরিষেবা কেন্দ্র(কমন সার্ভিস সেন্টার-সিএসসি) পরিচালনা করেন। বৃহস্পতিবার বিকেলে তিনি পাশের গ্রামে একটি ব্যাংকে টাকা তুলতে যান।
ব্যাংক থেকে তিনি এক লাখ রুপি তুলে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির কাছে পৌঁছালে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে তার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তবে তাদের একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়, যার বাড়ি পঙ্কজ মিশ্রের গ্রামেই। অন্যজন পালিয়ে যায়। এসময় পঙ্কজ মিশ্রকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। পুলিশ বলছে, ডাকাতি বা পূর্ব শত্রুতার জন্য এ ঘটনা ঘটেছে।
এর আগে মঙ্গলবার হিন্দুত্ববাদী রাজনীতির সমালোচক ভারতের অন্যতম সিনিয়র সাংবাদিক গৌরি লঙ্কেশকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ভারতের কর্নাটক প্রদেশের ব্যাঙ্গালুরুতে নিজ বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।







