দাবি না মানলে গ্রীষ্মে লিভারপুল ছাড়বেন সালাহ!

লিভারপুলের ফুটবলার সালাহ মাঠে বল নিয়ে খেলছেন, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
মিশরীয় ফুটবল তারকা মোহাম্মদ সালাহ আগামী গ্রীষ্ম মৌসুমে লিভারপুল ছাড়তে পারেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। দাবি পূরণ না হলে গত পাঁচ বছরে বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল এবং ধারাবাহিক ফুটবলারদের অন্যতম সালাহ অলরেডদের ছেড়ে যাবেন।
ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো তারকা ফুটবলারদের মোটা অঙ্কের পারিশ্রমিকের বিনিময়েই দলে খেলিয়ে থাকে। তবে যোগ্যতা প্রমাণের পাশাপাশি ক্লাবের ট্রফি জয়ে অবদান রাখা সালাহর পারিশ্রমিকের ক্ষেত্রে লিভারপুল ভূমিকা রাখছে না।
ক্রিস্টিয়ানো রোনালদো এবং কেভিন ডি ব্রুইনে যে রকম অঙ্কের পারিশ্রমিক পেয়ে থাকেন সেই পরিমাণ পাওয়ারটা সালাহ ও তার এজেন্টের এখন মূল উদ্দেশ্য। এমনটাই জানিয়েছেন ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
সালাহর পরিস্থিতি নিয়ে গত শুক্রবার সংবাদ সমেলনে কথা বলেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তার কথায় মনে হয়েছে, মন থেকে তিনি মিশরীয় তারকাকে বিদায় জানিয়ে দিয়েছেন।
ক্লাবের পক্ষ অবলম্বন করে ক্লপ বলেন, ‘মোহাম্মদ (সালাহ) এই ক্লাবের কাছ থেকে উচ্চাভিলাষী হওয়ার প্রত্যাশা করতে পারে। আমরা গত কয়েক বছর ধরে ছিলাম এবং আছি। আমরা এর চেয়ে বেশি কিছু করতে পারবো না।’
‘আমি মনে করি এটা সালাহর সিদ্ধান্ত। ক্লাব যতটুকু করার তাই করেছে। এটা নিয়ে খারাপ কিছু বলার নেই। আমার দৃষ্টিকোণ থেকে সবকিছু ঠিক আছে। কোনো চুক্তি স্বাক্ষর ও বাতিলের ঘটনা ঘটেনি। কী ঘটে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সবকিছুই ঠিক আছে। কোনকিছুর জন্য তাড়াহুড়ো নেই।’






