আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন: আমাদের মধ্যে যে সহমর্মিতা, ভালোবাসা এবং বন্ধুত্ব রয়েছে তা অক্ষুণ্ণ রেখে দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন করতে হবে।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকাস্থ কসবাবাসীর সম্মানে ইফতারের আয়োজন করেন আইনমন্ত্রী। এসময় দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন: আমরা জনগণের সেবক এবং জনগণের সেবা করাই আমাদের কাজ। সেবার মাধ্যমে জনগণকে খুশি করতে পারলেই আমি ধন্য।
অনুষ্ঠানে কসবাবাসীর উদ্দেশে মন্ত্রী বলেন: কসবা উপজেলার যদি একটা উন্নয়নও হয়ে থাকে তার অংশীদার আপনারা সকলেই।
ইফতারের আগে আইনমন্ত্রী আগত অতিথিবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি এবং অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।








