দর্শকের দিকে তেড়ে যাওয়ায় নিষিদ্ধ টটেনহ্যামের ডায়ার

টটেনহ্যাম ফুটবল দলের খেলোয়াড় ডায়ার দর্শকদের মধ্যে, বেশ কিছু দর্শক তার দিকে তাকিয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
মাঠের সীমানা টপকে দর্শকসারিতে যাওয়া ও এক দর্শককে শাসানোয় চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন টটেনহ্যাম হটস্পারের ডিফেন্সিভ মিডফিল্ডার এরিক ডায়ার। সঙ্গে ইংল্যান্ডের আন্তর্জাতিক এ খেলোয়াড়কে ৪০ হাজার পাউন্ড জরিমানাও করেছে এফএ।
গত মার্চে এফএ কাপের পঞ্চম রাউন্ডে নরউইচ সিটির বিপক্ষে টাইব্রেকে হেরে যায় টটেনহ্যাম। ম্যাচে পেনাল্টি শুট আউটে শট মিস করেন ডায়ার। দর্শকসারিতে এক সমর্থক ডায়ারের সমালোচনা ও উত্যক্ত করায় মেজাজ হারান ডায়ার। বিজ্ঞাপনী বোর্ড পেরিয়ে তেড়ে যান সেই দর্শকের দিকে।
স্বাধীন এক শুনানির পর ডায়ার নিজের দোষ স্বীকার করে নিলেও দাবি করেছেন তার তেড়ে যাওয়াটা মোটেও আগ্রাসী ছিল না। সেই দাবিকে পাত্তা না দিয়ে চার ম্যাচ নিষেধাজ্ঞা ও জরিমানা করে এফএ।
এদিকে শিষ্যের নিষেধাজ্ঞাকে মেনে নিলেও তাকে সমর্থনই যোগাচ্ছেন হটস্পার কোচ হোসে মরিনহো, ‘আমার মতে এরিক ডায়ার একজন পেশাদার ফুটবলার, সে এটা করতে পারে না। তবে যেখানে আপনাকে কিংবা আপনার পরিবার নিয়ে, বিশেষ করে আপনার ছোট ভাইকে নিয়ে খারাপ কথা বলা হবে তখন তো…!’






