দুই মাসের বেশি সময় ধরে চলা ভয়াবহ দাবানল ও খরায় বিধ্বস্ত অস্ট্রেলিয়ায় অবশেষে এসেছে স্বস্তির বৃষ্টি, কমেছে তাপমাত্রা। কিন্তু তাপমাত্রা শিগগিরই আবার বেড়ে যাবে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।
বিবিসি জানায়, রোববার থেকেই সিডনি থেকে মেলবোর্ন পর্যন্ত অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি হয়েছে নিউ সাউথ ওয়েলসের বেশ কিছু জায়গায়।
কিন্তু রোববার রাতেই আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, বৃহস্পতিবার আসতে আসতে তাপমাত্রা আবার অনেকখানি বেড়ে যাবে।
আরও ভীতিকর তথ্যও দিয়েছেন তারা। বলেছেন, ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলস রাজ্যে বিশাল এলাকা জুড়ে জ্বলন্ত দাবানল দু’টি মিলে গিয়ে ‘প্রকাণ্ড দাবানলে’ পরিণত হতে পারে।
একই আশঙ্কা জানিয়েছেন রাজ্য প্রধানরাও। নিউ সাউথ ওয়েলস প্রধান গ্ল্যাডিস বেরেজিকলিয়ান স্থানীয় সময় সোমবার সকালে বলেন, “বর্তমানে স্বস্তিবোধের কোনো অবকাশ নেই। আজকের সকালটা শুধুই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার এবং নিশ্চিত করার যে, যারা ঘরহারা হয়েছেন তারা যেন নিরাপদ কোথাও আশ্রয় নিতে পারেন।”
বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার পরেও দাবানলের ফলে সৃষ্ট ধোঁয়া ও ধূলিকণার কারণে অস্ট্রেলিয়ায় বায়ুদূষণ বিপজ্জনকভাবে বেশি রয়েছে।







