রাজধানীর দক্ষিণখানে আত্মঘাতী নারী জঙ্গির পরিচয় জানতে পেরেছে সিটিটিসি। আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা জসিম উদ্দিন রাহমানীসহ কারাবন্দী জঙ্গি নেতাদের ছিনিয়ে নেয়ার পরিকল্পনার কথাও জানতে পেরেছে তারা।
নতুন এ পরিকল্পনা বাস্তবায়নে অর্থ সংগ্রহে জঙ্গিরা ডাকাতিতে নেমেছে।
জঙ্গিবাদ দমনে ধারাবাহিক পুলিশের অভিযানে সর্বশেষ রাজধানীর দারুস সালাম এলাকা থেকে গ্রেফতার হয়েছে পুরনো জেএমবির ৫ সক্রিয় সদস্য। সিটিটিসি গোয়েন্দাদের দাবি, জঙ্গিদের রাজশাহী বিভাগীয় প্রধানের নির্দেশে রাজধানীতে এসে থার্টি ফার্স্ট নাইটে নাশকতা ঘটাতে বিস্ফোরক নিয়ে প্রস্ততি নিচ্ছিলো তারা।
ত্রিশাল স্টাইলে হামলা করে কারাবন্দী নেতাদের ছিনিয়ে নেয়াও এখন জঙ্গীদের টার্গেট বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। সিটিটিসি’র এডিশনাল কমিশনার মোঃ মনিরুল ইসলাম এমনটি জানান।
রাজধানীর দক্ষিণখানে অভিযানের পর এখন সেখান থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করছে সিটিটিসি। আত্মঘাতী নারী জঙ্গির পরিচয়ও পেয়েছে তারা।
সুইসাইড ভেস্ট বিস্ফোরণ ঘটিয়ে সাকিলা আত্মঘাতি হওয়ার সময় তার ৭ বছরের সন্তান গুরুতর আহত হয়। হাসপাতালে শিশুটি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে সিটিটিসি।
দক্ষিণখানে অপারেশন রিপল-টুয়েন্টি ফোর চলার সময় কয়েক মাস আগে নিহত জঙ্গি নেতা তানভীর কাদেরীর ১৪ বছর বয়সী ছেলে আফিফ কাদেরী একাই গুলি চালিয়ে সোয়াটকে প্রতিরোধের চেষ্টা করে নিহত হয়। তার আগে দুই সন্তানসহ আত্মসমর্পণ করে দুই নারী জঙ্গি। তাদের জঙ্গি স্বামীরা আগে নিহত হয়েছে।







