থারাঙ্গা দুই ম্যাচ নিষিদ্ধ

শ্রীলঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। সাউথ আফ্রিকার বিপক্ষে ৯৬ রানে হারা ম্যাচে ‘গুরুতর’ স্লো ওভার রেটের কারণে এই নিষেধাজ্ঞার খাঁড়ায় পড়লেন লঙ্কানদের ভারপ্রাপ্ত কাপ্তান। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ফিট না হওয়ায় দায়িত্ব পেয়েছিলেন থারাঙ্গা।
প্রোটিয়াদের বিপক্ষে নির্ধারিত সময়ের বাইরে ৪ ওভার বেশি বল করেছে লঙ্কানরা, সময় নিয়েছে চার ঘণ্টা। তাতে দুটি সাসপেনশন পয়েন্ট পান বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গা। দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি। থারাঙ্গার পাশাপাশি দলের অন্য সদস্যদেরও ৬০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।
ফিটনেস পরীক্ষায় উৎরাতে পারছেন না নিয়মিত দলপতি ম্যাথুজ। এবার থারাঙ্গাকে হারানোয় শ্রীলঙ্কা বড়সড় ধাক্কাই খেল। প্রোটিয়াদের বিপক্ষে লঙ্কানদের সর্বোচ্চ ৫৭ রানের ইনিংসটি খেলেছিলেন এই অভিজ্ঞ তারকাই।
নিষেধাজ্ঞায় থারাঙ্গার চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন কার্যত শেষ হয়ে যাওয়ার পথে। ভারত ও পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে খেলা হবে না তার। আর এই দুই ম্যাচের যেকোনো একটিতে হারলেই বাড়ির পথ ধরতে হবে লঙ্কান দলকে।







