চ্যানেল আই অনলাইন-রকমারি সেরা পাঠক: তৃতীয় সপ্তাহে বিজয়ী রোখসানা ও রাজীব

চ্যানেল আই অনলাইন ও রকমারি ডটকমের যৌথ উদ্যোগে ‘সেরা পাঠক-২০১৮’ প্রতিযোগিতার তৃতীয় সপ্তাহে বিজয়ী হয়েছেন রোখসানা আমিন ও রাজীব নন্দী।
রোখসানা আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজীব নন্দী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাতে চ্যানেল আই প্রাঙ্গণে লটারির মাধ্যমে সেরা পাঠক নির্বাচন করা হয়। আগামী শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানে অন্যরকম প্রকাশনীর (স্টল নং ৪৫৭) সামনে দুই বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রকমারি ডটকমের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ কাজী কাউসার সুইট, চ্যানেল আই অনলাইনের স্পোর্টস এডিটর এম মেহেদী হাসান ও ফিচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট এডিটর মিতুল আহমেদ।
রোখসানা আমিন আনিসুল হকের বই ‘আলো-আঁধারের যাত্রী’ বইটি নিয়ে এবং রাজীব নন্দী মাহবুব-উল-হকের ‘লাল টিপ লাল শাড়ি’ বইটি নিয়ে মন্তব্য (রিভিউ) লিখে বিজয়ী হয়েছেন।
অমর একুশে গ্রন্থমেলা ২০১৮’র প্রথম দিন থেকে শুরু হয় চ্যানেল আই অনলাইন রকমারি ডটকম সেরা পাঠক ২০১৮। মেলা থেকে কেনা বইয়ের উপর ১০০ শব্দে মতামত লিখে sherapathok@gmail.com ঠিকানায় মেইল করতে বলা হয়। মেইল করে মন্তব্য জানানো ব্যক্তিদের মধ্য থেকে প্রতি বৃহস্পতিবার লটারির মাধ্যমে বেছে নেওয়া হয় দু’জন সেরা পাঠক।
তাদের প্রত্যেককে দেওয়া হয় রকমারির সৌজন্যে ৭৫০ টাকার বুক কুপন। যার মাধ্যমে রকমারি ডট কম থেকে পছন্দসই বই নিতে পারবেন তারা।
শেষ সপ্তাহের বই আলোচনা পাঠানো যাবে ২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাত ১২টার মধ্যে। মেলার শেষদিন ২৮ ফেব্রুয়ারি তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।






