মহান বিজয় দিবস উদযাপনের এক নতুন মাত্রা পাওয়া গেছে ‘শিরোনামহীন’ ব্যান্ড দল ছেড়ে আসা তানযীর তুহিনের ফেসবুক স্ট্যাটাস থেকে। সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি জানিয়েছেন নতুন একটি ব্যান্ড দলে তার যোগদানের কথা।
তুহিনের নতুন দলের নাম আভাস। ফেসবুক স্ট্যাটাসে মহান বিজয় দিবসের শুভেচ্ছা দিয়ে তুহিন লেখেন, ‘সৃষ্টিকর্তার কৃপা ও শ্রোতা বন্ধুদের অনুপ্রেরণায়, নতুন একটি ব্যান্ড নিয়ে গানে ফিরছি…….আভাস (AVASH)।’ সেই সাথে নিজের অফিশিয়াল ফেসবুকে ব্যান্ডের অন্য সদস্যদের হাস্যোজ্জ্বল ছবি দিয়েছেন তিনি। বড় রকমের প্রস্তুতি নিয়েই আসার আভাস দিচ্ছে সে ছবি।
‘আভাস’ দলের গিটারে থাকবেন- সুমন, বেইজে- রাজু, ড্রামসে- থাকছেন রিঙ্কু, কি বোর্ডস- শাওন, ভোকাল- তুহিন।
একদম হঠাৎ করেই ব্যান্ড শিরোনামহীন ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ব্যান্ডটির প্রধান ভোকাল তানযীর তুহিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট ও ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যান্ড ছাড়ার বিষয়টি সবাইকে জানিয়েছিলেন তিনি। স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘আমি তানযীর তুহিন, ব্যক্তিগত কারণে শিরোনামহীন ব্যান্ড থেকে সরে যাচ্ছি।’ এরপর দুই মাস সময় নিয়ে ১৬ ডিসেম্বর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নতুন দল আভাসের নাম ঘোষণা করলেন।









