এরইমধ্যে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নের সামনে লাতিন চ্যাম্পিয়ন গ্রেমিও। আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার রাত ১১টায় শুরু হবে ফাইনাল। জিতলে চলতি বছর পঞ্চম শিরোপার স্বাদ পাবে জিনেদিন জিদানের দল।
সেমিফাইনালে স্বাগতিক দল আল-জাজিরাকে ২-১ গোলে হারায় রিয়াল। গ্রেমিও হারায় কনক্যাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকোর পাচুকাকে। ফাইনালের আগে রাত ৮টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে সেমিফাইনালে পরাজিত দুই দল আল-জাজিরা ও পাচুকা।
ক্লাব বিশ্বকাপে সর্বাধিক তিনটি শিরোপা জয়ের রেকর্ড বার্সেলোনার। লা লিগার চিরপ্রতিদ্বন্দ্বীদের রেকর্ডে ভাগ বসানোর দারুণ সুযোগ রিয়ালের সামনে। এছাড়া টানা দুবার শিরোপা জয়ের রেকর্ডও হাতছানি দিচ্ছে মাদ্রিদ জায়ান্টদের। গত বছর ফাইনালে জাপানের কাশিমা অ্যান্টলার্সকে হারিয়ে বিশ্বমুকুট জয় করে ‘লস ব্লাঙ্কোস’রা।
তবে রিয়ালের জয়টা খুব সহজে নাও আসতে পারে। আল-জাজিরার বিপক্ষে ঘাম ঝরিয়ে জেতা দলটিকে শিরোপা জিততে হলে গ্রেমিওর বিপক্ষে আরও নিখুঁত ফুটবলই খেলতে হবে। আল-জাজিরার বিপক্ষে প্রথম গোলের আগে প্রতিপক্ষের গোলমুখে অন্তত ২০টি শট নিয়েও ব্যর্থ হয় রিয়াল। গ্রেমিও ম্যাচে এমন ভুল করলে তার সদ্ব্যবহার করার সামর্থ্য রয়েছে ব্রাজিলের ক্লাবটির।
কঠিন পরীক্ষার দিনে ইনজুরির কারণে তারকা মিডফিল্ডার আর্থারকে পাবে না গ্রেমিও, কিন্তু রিয়াল গোলকিপার কেইলর নাভাসকে ব্যতিব্যস্ত রাখার সামর্থ্য আছে লুয়ান ও এভারটনের। দুজনই পাচুকার বিপক্ষে চোখ ধাঁধানো পারফরম্যান্স দিয়ে প্রমাণ করেছেন, তারা রিয়াল ডিফেন্সেরও আতঙ্ক হতে পারেন।
গ্রেমিওর চিন্তার কারণ হতে পারেন ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। আল-জাজিরার বিপক্ষে তিনিই গোল করে রিয়ালকে সমতায় ফেরান। পরে জয়সূচক গোল করেন গ্যারেথ বেল। সেমিতে লক্ষ্যভেদ করেই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ স্কোরার হয়েছেন রোনালদো। লিওনেল মেসি ও লুই সুয়ারেজের চেয়ে এক গোল বেশি তার। সংখ্যাটি আরেকটু বাড়িয়ে নেয়ার সুযোগ তার সামনে।







