চোট কাটিয়ে পুরোপুরি ফিট এখন টাইগার পেসার রুবেল হোসেন। জিম্বাবুয়েতে সব সংস্করণে খেলার সুযোগ অবশ্য হচ্ছে না তার। আছেন শুধু ওয়ানডে দলে। তারপরও বেশ আশাবাদী তিনি, বলছেন এবারের সফরে দারুণ করবে বাংলাদেশ।
মুমিনুল হকের দল বুধবার নামবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টটি খেলতে। তারপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আছে টি-টুয়েন্টি সিরিজও। রুবেলের ভাবনায় শুধু ওয়ানডে হলেও তিন সংস্করণেই সম্ভাবনা দেখছেন সতীর্থদের ভালো করার।
‘বিগত কয়েকবছর ধরে ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছি, তাই আমার মনে হয় ওয়ানডেতে আমাদের খুবই ভালো সম্ভাবনা আছে। টি–টুয়েন্টিতেও আমাদের যে দল, আমার মনে হয় ওয়ানডে ও টি–টুয়েন্টিতে যথেষ্ট সম্ভাবনা আছে। টেস্টের কথা যদি বলেন, তাদের হোম কন্ডিশনে খেলা, আমরা যদি আমাদের দায়িত্ব অনুযায়ী ভালো খেলতে পারি, টেস্টেও পজিটিভ কিছু আশা করতে পারি।’
‘আমি সুস্থ ও ফিট আছি। লাস্ট ডিপিএলে আমার একটু সমস্যা ছিল। এখন হান্ড্রেড পার্সেন্ট ফিট আছি। যদি সুযোগ পাই শতভাগ দিয়ে চেষ্টা করব’ বলেন রুবেল।
জিম্বাবুয়েতে শুধু রঙিন পোশাকে যারা খেলবেন তারা আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছেন। সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে প্রস্তুতি। টেস্ট চলাকালীন ওয়ানডের খেলোয়াড়রা রওনা হবেন হারারের উদ্দেশে। আপাতত কয়েকদিন রুবেল-মোস্তাফিজ-সাইফউদ্দিনদের অনুশীলনের সুযোগ মিলছে হোম অব ক্রিকেটে।







