আসছে সপ্তাহে মুম্বাইয়ে আলোচনা করতে বসছে ক্রিকেটের তিন মোড়ল খ্যাত ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। সঙ্গে যোগ দেবে সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ডও। প্রভাবশালী চার বোর্ডের আলোচনায় বদলে যেতে পারে ক্রিকেটের গতিপথ, এমনই জানাচ্ছে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) হয়ে সভায় থাকবেন সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহ। থাকবেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) উচ্চপদস্থ কর্মকর্তারা।
সভায় যেসব বিষয়ে আলোচনা হতে পারে
> চারদিনের টেস্ট হবে কি হবে না।
> চার জাতির টুর্নামেন্টকে বৃহৎ আকারে আয়োজন নিয়ে আলোচনা।
> আইপিএল, বিগ ব্যাশ ও নতুন টুর্নামেন্ট একশো বলের ক্রিকেটের জন্য আলাদা সময়-সূচি বের করা।
> ১৬ জানুয়ারি দুবাইয়ে শুরু হতে যাওয়া আইসিসির সভা নিয়ে আলোচনা।
চারদিনের টেস্ট নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার চিন্তা ভাবনা ইতিবাচক বলে জানাচ্ছে টাইমস অব ইন্ডিয়া। ইসিবি যেকোনো সময় রাজী আলোচনা করতে, সিএসএ প্রস্তুত আছে আলোচনায় বসতে, আর বিসিসিআই তো হাসিমুখেই সব আলোচনার নেতৃত্ব দিচ্ছে।
যদিও চারজাতির টুর্নামেন্ট নিয়ে ধোঁয়াশা আছে সিএর। ইসিবিকে আবার পক্ষেই পাচ্ছে বিসিসিআই। ঘোলাটে সূত্রে টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, এই আলোচনায় অংশ নিতে পারে নিউজিল্যান্ড ক্রিকেটও।







